শুভেন্দু লায়েক,বাঁকুড়া: বানরের উৎপাতে অতিষ্ট বাঁকুড়ার গঙ্গাজলঘাটি, দেশুড়িয়া, ছোট কুমিরা, দেউলী সহ একাধিক গ্রামের মানুষ। বানরের কামড়ে ওই গ্রাম গুলিতে বেশ কয়েক জন আহতও হয় বলে জানা গেছে। বানরের তান্ডবে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষ। অবশেষে বনদপ্তরের চেষ্টায় খাঁচাবন্দি করা হয় বানরটিকে।
জানা গেছে বেশ কয়েকদিন ধরে গঙ্গাজলঘাটী ব্লকের একাধিক গ্রামে একটি বানর উৎপাত চালাচ্ছিল। পুকুরে স্নান করার সময় অনেকের সাবান, জামাকাপড় নিয়ে চলে যেত। বহু মানুষকে আঁচড়ে দিত। এই বানরের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন এলাকার মানুষ। গঙ্গাজলঘাটি বনদপ্তরের পক্ষ থেকেও বারংবার ওই বানরটি কে ধরার চেষ্টা করলেও, সফল হয়নি বনদপ্তর।
অবশেষে গঙ্গাজলঘাটি রেঞ্জের বিট অফিসার কৃষ্ণপদ মাহাতোর তৎপরতায় বানরটিকে আজ খাঁচাবন্দি করা হয়। গঙ্গাজলঘাটি রেঞ্জের বিট অফিসার কৃষ্ণপদ মাহাতো জানান বানরটিকে আপাতত অমরকানন রেঞ্জ অফিসে রাখা হবে। তার চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হবে গভীর জঙ্গলে।

Post a Comment