File photo

নব-দিগন্ত নিউজ ডেস্ক: দিন যত গড়াচ্ছে ততই আসামের গুয়াহাটির অবস্থার অবনতি হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমনের সংখ্যা দিনের পর দিন হু হু করে বেড়ে চলেছে। গতকাল অর্থাৎ রবিবার একদিনে গুয়াহাটিতে মোট ৭৭৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ঐ দিনই আসামের স্বাস্থ্যমন্ত্রী জানান যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে গুয়াহাটিতে। 





গুয়াহাটিতে গত ১০ দিনে মোট ২৭০০ নতুন কেস হয়েছে। ৩১ মার্চ অর্থাৎ ৯৬ দিন আগে আসামে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী ধরা পরে। আর এখন আসামের মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ হাজার পার হয়ে গিয়েছে। একটি সাংবাদিক সম্মেলনে রবিবার আসামের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, "করোনা ভাইরাস গুয়াহাটির কমিউনিটির মধ্যে প্রবেশ করে ফেলেছে। আর এখন এই ভাইরাস গোষ্ঠী পর্যায়ে পৌঁছে গিয়েছে এবং দিনের পর দিন এই ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে।" 





গোটা আসাম রাজ্যে রবিবার নতুন সংক্রমনের সংখ্যা ছিল ১২০০ জন। নতুন করে ৪,৯৪৫ জন নতুন রোগীর খোঁজ পাওয়া গিয়েছে আসাম রাজ্যে মাত্র ১০ দিনে। গুয়াহাটিতে খুব জোরদারভাবে ১৪ দিনের লকডাউন পালন করা হচ্ছে। ২৯ জুন থেকে নতুন করে লক ডাউন শুরু হয়েছে গুয়াহাটিতে। শুধুমাত্র মুদিখানার দোকান গুলো সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার অনুমতি পেয়েছে। তবে একটাই আশার আলো যে আসামের করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ার হার ১৩ দিনে পৌঁছেছে যা আগে ছিল ১০ দিনে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর