নব-দিগন্ত নিউজ ডেস্ক: একদিকে করোনার চোখরাঙানি, অন্যদিকে বন্যায় ডুবেছে উড়িশ্যা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ। মধ্যপ্রদেশে ইতিমধ্যে 8 জনের মৃত্যু হয়েছে। সঙ্গে মৃত্যুর খবর অন্যান্য রাজ্য থেকেও আসছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী জোরকদমে উদ্ধারকার্য চালাচ্ছে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান হেলিকপ্টারে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। রাজ্যের পরিস্থিতি নিয়ে এরপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকও করেন। জানা গিয়েছে, গোটা রাজ্য থেকে মোট ৯ হাজার মানুষকে ইতিমধ্যেই রিলিফ ক্যাম্পে স্থানান্তরিত করা হয়েছে। বেশ কিছু জেলায় সেনাবাহিনীর দ্বারা উদ্ধারকার্য শুরু হয়েছে।
ওড়িশার অনেক জেলায় বন্যা উদ্বেগের কারণ হয়ে দাড়িয়েছে। মৃত্যু হয়েছে কম করে ৭ জনের। প্রশাসন নিচু এলাকা থেকে দুর্গতদের সরানোর ব্যবস্থা করছে। জলস্তর বেড়েছে ব্রাহ্মণী, বৈতরণী, সুবর্ণরেখা সহ অনেক নদীর। মহানদীও ভরপুর। যে কোনো সময়ে তীর উপচে লাগোয়া এলাকায় জল ঢুকতে পারে। ভদ্রকের কয়েকশো বিঘা জমি ইতিমধ্যে জলের তলায় আছে। জলের স্রোতে অনেক এলাকায় মাটির কাঁচা বাড়ি ভেঙ্গে গিয়েছে।

Post a Comment