বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বিশেষ তদন্তকারী দল করোনা ভাইরাসের উৎস সন্ধান করতে আগামী সপ্তাহে চীন পাড়ি দিচ্ছে। অনেকেই অভিযোগ করছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের প্রতি পক্ষপাতিত্ব করছে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল ম্যানেজার টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস জানান যে করোনা ভাইরাসের জন্য বিশ্বে যে বিশেষ উদ্যোগ সৃষ্টি হয়েছে তার কথা মাথায় রেখেই চীনে তদন্তকারী দল পাঠানো নিয়ে বেজিংয়ের সঙ্গে আলোচনা করা হয়েছে। তবে চীনে তদন্তকারী দল পাঠালেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টরকে এই প্রশ্নের মুখে পড়তে হতে পারে যে এতদিন কেন তদন্ত করা হয়নি? বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান গবেষক ডঃ সৌম্য স্বামীনাথন সংবাদ সংস্থা এ এন আই কে বলেন যে, এই মারণ ভাইরাস এর উৎস খুঁজে বের করার জন্য বিশেষ তদন্তের প্রয়োজন। তিনি আরও বলেন, তদন্ত করার জন্য আমাদের গত ডিসেম্বর মাসে ফিরে যেতে হবে এবং খুঁজে বের করতে হবে ঠিক কিভাবে কোথায় কেমন করে এই ভাইরাসের উৎপত্তি। ঠিক কিভাবে কোন জন্তুর থেকে এই ভাইরাসটি মানুষের শরীরে প্রবেশ করেছে এবং কিভাবে এই ভাইরাসটি বাদুড় থেকে ছড়িয়ে গিয়েছে সেটা দেখতে হবে।
ডক্টর স্বামীনাথন জানান যে গত ডিসেম্বর মাসের ৩১ তারিখে উহানে নিউমোনিয়ার অনেক ঘটনা সামনে এসেছে। চীনে অবস্থিত WHO এর অফিস এই ঘটনাটি জানতে পেরেছে জানুয়ারি মাসের ১ তারিখে। এই ভাইরাস থেকে মুক্তি পেতে বিজ্ঞানীরা ভ্যাকসিন আবিষ্কারে দিনরাত এক করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে খুশির খবর এই যে এই ভাইরাসকে দমন করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একাধিক ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করে দিয়েছে। অপেক্ষা শুধু ফলাফলের। টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস জানান ফলাফল ইতিবাচক হলে এই ওষুধ করোনাভাইরাসকে দমন করতে প্রধান ভূমিকা পালন করতে পারে।

Post a Comment