অবশেষে রাজ্যের দাবি মানল কেন্দ্র। আগামী ৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত কলকাতায় ৬ শহরের উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সব শহরে করোনা সংক্রমণ বেশি সেই সব শহর থেকে উড়ান বন্ধ। তাই আপাতত মুম্বই, পুণে, নাগপুর, দিল্লি, চেন্নাই এবং আমদাবাদের মতো ৬টি শহর থেকে বিমান আসবে না এ শহরে। আর কলকাতা থেকেও কোনও উড়ান যাবে না ওই ৬ শহরে।
পশ্চিমবঙ্গ সরকার করোনা ভাইরাস মোকাবিলায় আপাতত ৩ সপ্তাহের জন্য দেশের ৬টি শহরের সঙ্গে কলকাতার বিমান চলাচল বন্ধ করল। বিমান চলাচলের বন্ধের জন্য কেন্দ্রের কাছে অনুরোধ করেছিল রাজ্য। সেই অনুরোধে সাড়া দিয়েছে অসামরিক বিমানমন্ত্রক।
কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ টুইট করে জানিয়েছে, "আগামী ৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত দিল্লি, মুম্বই, পুণে, নাগপুর, চেন্নাই ও আমদাবাদের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত তা জারি থাকবে।"

Post a Comment