নব-দিগন্ত নিউজ ডেস্ক: দেশবাসী টানা ২ মাস লকডাউনে থাকলেও ঠেকানো যায়নি করোনা সংক্রমণ। এখন দেশজুড়ে চলছে আনলক পর্ব। এই পর্বে রাজ্যগুলি স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। কিন্তু প্রতিদিন সংক্রমণে বেড়েই চলছে। তবে এখন প্রশ্ন হল, এই পরিস্থিতিতে কী দেশ আবার কঠোর লকডাউনের পথে হাঁটবে? নাকি ধাপে ধাপে যেসব অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে তা চলতে থাকবে? 



তবে কেন্দ্রীয় সরকারি সূত্রে খবর, দেশজুড়ে সংক্রমণ বাড়তে থাকলেও কেন্দ্রীয় স্তরে কঠোর লকডাউনের কোনও পরিকল্পনা নেই। আগামী সপ্তাহ থেকেই শুরু হবে আনলক তৃতীয় পর্ব। অর্থাৎ কন্টেনমেন্ট জোনের বাইরে যেভাবে সমস্ত অফিস-কাছারি খুলে দেওয়া হচ্ছে সেই ধারাই চলতে থাকবে। তবে রাজ্যগুলি চাইলে নিজেদের মতো করে চালু করতে পারে কঠোর লকডাউন। তৃতীয় পর্যায়ের আনলক পর্যায়ও অনেকটা দ্বিতীয় পর্যায়ের মতোই হওয়ার সম্ভাবনা। মেট্রো ও লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা খুবই কম। সেই সঙ্গে স্কুল-কলেজ খোলার সম্ভাবনাও প্রায় নেই বললেই চলে। সম্প্রতি, সিনেমা হল ও থিয়েটার খোলার পক্ষে সওয়াল করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। সেই বিষয়ে এখনও আলোচনা চলছে। প্রধানমন্ত্রীর দফতরের অনুমতি পেলেই ঘোষণা হবে তৃতীয় আনলক প্রক্রিয়া।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর