নব-দিগন্ত নিউজ ডেস্ক: মাঝে ছিল ব্লু হোয়েল, এখন হয়েছে পাবজি। হাতে হাতে মোবাইল, পাবজি খেলায় মত্ত সকলে। আর নেশা ধরে যাওয়া এই গেমের চক্করে পড়ে ১৬ লাখ টাকা খোওয়ালেন পঞ্জাবের এক দম্পতি। তাঁদের ১৭ বছরের ছেলে পাবজির জন্য অ্যাপ কেনাকাটা ও তা আপগ্রেড করার পিছনে ওই টাকা উড়িয়ে দিয়েছে।
যুদ্ধযুদ্ধ এই খেলার পেছনে মোট ৩টি একাউন্ট থেকে বাবা-মায়ের জমানো ১৬ লক্ষ টাকা খরচ করেছে সে। পুলিশ তদন্তে নেমে সেই টাকা উদ্ধারের ব্যবস্থা করেনি, কারণ ইচ্ছে করেই খরচ করা হয়েছিল সেই টাকা।
জানা যাচ্ছে, প্রতিবার একাউন্ট থেকে টাকা সরানোর পর ব্যাঙ্কের মেসেজ ডিলিট করে দিত সে। তাই বাবা-মায়ের নজরে আসেনি ব্যাপারটি।
ছেলেটির বাবা সরকারি চাকুরে, কর্মসূত্রে পরিবারের কাছে থাকেন না। তিনি জানিয়েছেন, ওই টাকা তিনি বাঁচিয়েছিলেন ছেলের উচ্চশিক্ষার জন্য এবং ভবিষ্যতে চিকিৎসা সংক্রান্ত খরচের কথা ভেবে। ধরা না পড়ার জন্য তাঁর ছেলে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে নিয়মিত টাকা ট্রান্সফার করত বলে জানা গিয়েছে।
রক্ত জল করে জমানো টাকা ছেলে এইভাবে উড়িয়ে দেওয়ায় রেগে আগুন বাবা তাকে একটি স্কুটার সারানোর দোকানে কাজে লাগিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এত কিছুর পরেও ও চোখের সামনে ঘরে বসে সময় কাটাবে এটা তিনি মেনে নিতে পারছিলেন না, লেখাপড়ার জন্য আর একটা মোবাইলও কিনে দিতে পারবেন না ছেলেকে। তাই তাকে দোকানে কাজকর্মের জন্য লাগিয়েছেন যাতে ও বুঝতে পারে টাকা রোজগার করতে কতটা ঘাম ঝরাতে হয়।

Post a Comment