নব-দিগন্ত নিউজ ডেস্ক: এই বছর শেষবার মার্চ মাসে বাইশ গজে ক্রিকেট বল গড়িয়েছিল। তারপর থেকে করোনাভাইরাস সমস্ত চিত্র পাল্টে দিয়েছে। দীর্ঘদিন লক ডাউন পালন করে ধীরে ধীরে আনলকের পথে হাঁটছে সমস্ত দেশ। তবে ব্যাট-বল হাতে বিরাট কোহলিরা কবে মাঠে নামবেন তা কেউ জানে না। কিন্তু স্বাভাবিক ছন্দে ফিরতে চেষ্টা করছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও ওয়েলস বোর্ড। আর অনেকের মতে এই দুই দেশের হাত ধরেই ক্রিকেট মাঠের সূচনা হবে করোনার পরবর্তী যুগে। সামনের বুধবারে এই দুটি দল টেস্ট ক্রিকেটের মুখোমুখি হবে। কিন্তু স্টেডিয়াম ফাঁকা থাকলেও দর্শকাসনে থাকছে বিশেষ চমক।
জেসন হোল্ডারের ওয়েস্ট ইন্ডিজ দল ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজ খেলতে বেশ কয়েকদিন আগেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন। সেখানে কোয়ারেন্টাইন সেন্টারে কয়েকদিন কাটানোর পরই শুরু করেন প্রাকটিস। করোনাভাইরাসকে কিছুটা কাটিয়ে উঠে অনেকদিন পর মাঠে নেমে ফিটনেস ধরে রাখাই হল ক্রিকেটারদের জন্য মূল চ্যালেঞ্জ। ক্রিকেট মাঠে বল ব্যাট নামলেও বিশ্ব থেকে করোনাভাইরাস যায়নি। তাই বাধ্য হয়ে দর্শকশূন্য ম্যাচই আয়োজন করতে হচ্ছে। কিন্তু দর্শকশূন্য স্টেডিয়াম যেন দেখতে খারাপ না লাগে তার জন্য ইংল্যান্ড বোর্ড বিশেষ ব্যবস্থা করেছে।
সেটা কিরকম?
যেমন কোনও ব্যাটসম্যান চার এবং ছক্কা হাঁকালে এবং কোনও বলার উইকেট নিলে গ্যালারি থেকে ভেসে আসবে উল্লাসের আওয়াজ। এবং মিউজিক বেজে উঠবে। এই উদ্যোগের কারণ যেন দর্শকশূন্য মাঠের অবস্থা আগের মত স্বাভাবিক মনে হয়। এমনকি ক্রিকেটাররাও আয়োজকদের এই ব্যবস্থায় আপত্তি জানায়নি। এবং ক্রিকেটপ্রেমীরা কৃত্রিমভাবে তৈরি করা উল্লাসের শব্দ টিভিতে শুনতে পাবেন।
উল্লেখ্য, এই কৃত্রিম উল্লাসের শব্দ প্রযুক্তির দ্বারা ফুটবল মাঠে ব্যবহার করা হচ্ছে। ছোটপর্দায় লা লিগা এবং প্রিমিয়ার লিগের ম্যাচে ভেসে আসছে এরকম শব্দ। এবার ক্রিকেটের মাঠেও পূরণ করা হবে দর্শকদের আওয়াজ এর অভাব।

Post a Comment