নব-দিগন্ত নিউজ ডেস্ক: বর্তমান বিশ্বমঞ্চে চিন মূলত এক ঘরে। এর কারণ হল অতি বেশি আগ্রাসী মনোভাব। দক্ষিণ চিন সাগর নিয়ে আমেরিকান রোষের মুখে পড়ার পর এবার চিনকে বেশ জোর ধাক্কা দিয়েছে রাশিয়া। নতুন সমীকরণ তৈরি করে মূলত বেজিংকে মস্কো অত্যাধুনিক S - 400 মিসাইল সিস্টেম সরবরাহ না করার সিদ্ধান্ত নিয়েছে।
তাৎপর্যপূর্ণভাবে, দেশের বায়ুসীমা সুরক্ষিত রাখতে রুশ নির্মিত এই S-400 মিসাইল সিস্টেম ভারতও কিনেছে৷ ফলে বিশ্লেষকদের মতে, পূর্ব লাদাখে চিনা আগ্রাসনের জবাবে ‘বন্ধু’ ভারতকে আশ্বস্ত করতেই এই পদক্ষেপ করেছে রাশিয়া। একই অভিযোগ তুলেছে চিনও। এক বিবৃতি দিয়ে বেজিংয়ের অভিযোগ, তৃতীয় কোনও দেশের (ভারত) ইশারাতেই তাদের মিসাইল ডিফেন্স সিস্টেম সরবরাহ করতে চাইছে না রাশিয়া৷ নাম না করলেও ভারতের দিকেই যে ইঙ্গিত করেছে বেজিং তা স্পষ্ট৷ তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, সম্প্রতি চরবৃত্তির অভিযোগে মস্কো ও বেজিংয়ের সম্পর্কে ফাটল ধরেছে। চিনের হাতে গোপন তথ্য তুলে দেওয়ার অভিযোগে, সেন্ট পিটার্সবার্গ আর্কটিক সোশ্যাল সায়েন্স অ্যাকাডেমির প্রেসিডেন্ট বেলেরি মিটকোকে গ্রেপ্তার করেছিল রাশিয়া৷
চিনা পত্রিকা 'Sohu'-তে প্রকাশিত হওয়া একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, মস্কো এই মিসাইল সিস্টেম সরবরাহ নিয়ে অনেকবার জটিল বিষয় তুলে ধরেছে। উদাহরণ হিসেবে এই মিসাইলটি পৌঁছে দেওয়ার জন্য এবং ব্যবহার করার জন্য প্রশিক্ষণ দিতে রাশিয়া সেনার আধিকারিকের চিন দেশে যেতে হবে। সেই রকম ভাবেই চিনসেনা আর আধিকারিকদেরও প্রশিক্ষণের জন্য আসতে হবে রাশিয়াতে। কিন্তু করোনাভাইরাস এর ভয়ঙ্কর পরিস্থিতিতে এখন তা সম্ভব নয়। তাই বর্তমানে অস্ত্র-গুলি সরবরাহ করা সম্ভব নয়।
প্রসঙ্গত, রাশিয়ার কাছ থেকে 2018 সালে চিনের হাতে S- 400 মিসাইল সিস্টেম এর প্রথম ব্যাচ আসে। সেই কথা মাথায় রেখে পুতিন সরকার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের রাশিয়া সফরের সময় মিসাইল ডিফেন্স সিস্টেম ভারতের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি করেছিল। মনে করা হচ্ছে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই ভারতের হাতে পৌঁছে যাবে। তবে সময়মতো ভারতকে এই মিসাইল ডিফেন্স সিস্টেম পাঠালেও মস্কো চিনের ক্ষেত্রে উল্টো পথে হেঁটেছে।
উল্লেখ্য, পাঁচটি অত্যাধুনিক এস-৪০০ (S400) ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা ক্রয় করতে ২০১৮ সালের অক্টোবরে মস্কোর সঙ্গে ৫৪৩ কোটি মার্কিন ডলারের চুক্তি করেছিল দিল্লি। গত ফেব্রুয়ারিতে ‘ফেডারেল সার্ভিস অফ মিলিটারি টেকনিক্যাল কার্পোরেশন অফ রাশিয়া’র ডেপুটি ডিরেক্টর ভ্লাদিমির দ্রঝভ জানিয়েছিলেন, ২০২১ সালের মধ্যেই প্রথম এস-৪০০ সিস্টেম হাতে পাবে ভারত।

Post a Comment