নব-দিগন্ত নিউজ ডেস্ক: করোনা আতঙ্কে ভীত গোটা দেশ। করোনা সংক্রমণ কমাতে লকডাউন জারি করায় কাজ হারিয়েছেন দেশের বহু মানুষ। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা কেউ জানেন না। এই লকডাউনের বাজারে জিনিসপত্রের দামও খুব চড়া। সাধারণ মানুষকে দু-বেলা খাবার জোটাতে বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কেও করছেন চুরি, কেও করছেন ভিক্ষা আবার কেউ রাস্তায় বসেছেন হকারি করতে। আর এক নিরুপায় বাবা বিক্রি করলেন তাঁর সদ্যোজাত মেয়েকে।
এই ঘটনাটি ঘটেছে অসমের কোকড়াঝাড়ে। এলাকার বাসিন্দা দীপক ব্রহ্ম বাধ্য হয়ে নিজের ১৫ দিনের শিশুকন্যাকে ৪৫ হাজার টাকায় বিক্রি করে দেন। ঘটনায় জড়িত থাকার অপরাধে দীপক ও আরও দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।
জানা যায়, দীপক পেশায় ঠিকা শ্রমিক। তাঁর কাজ গিয়েছে লকডাউনে। ফলেই সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে গিয়েছে তাঁর কাছে। তার মধ্যে লকডাউনেই আরও এক সদস্যের আগমন ঘটে ঘরে। আগে দীপকের আরও একটি মেয়ে রয়েছে।
বহু চেষ্টা করেও দীপক কোনও কাজ জোগাড় করতে পারছিল না। দ্বিতীয়বার কন্যা সন্তানের জন্ম হওয়ায় সেই মেয়েকে বেচে টাকা রোজগারের চিন্তা মাথায় আসে দীপকের। ফলে কোনও উপায় না পেয়ে বাধ্য হয়েই কাজটি করেছে বলে পুলিশকে জানান দীপক। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment