নব-দিগন্ত নিউজ ডেস্ক: ২৬ সেপ্টেম্বর নয়, তারও আগে শুরু হতে চলেছে ১৩ তম আইপিএল। কার্যত চূড়ান্তই হয়ে গেল এবারের টুর্নামেন্ট সূচি। গত ২৯ মার্চ ১৩ তম IPL-এর শুভ সূচনা হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে তা পিছিয়ে যায়। ভেবেই নেওয়া হয়েছিল এবছর এই ভয়ংকর পরিস্থিতিতে IPL বাতিলই করতে হবে। কিন্তু BCCI হাল ছাড়েনি। করোনা ভাইরাসের কারণে অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করেছে ICC। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হওয়ার সঙ্গে সঙ্গেই IPL-এর দরজা খুলে গেছে। আর বৃহস্পতিবার বোর্ড সূত্রে খবর, IPL-এর উদ্বোধন হতে চলেছে ১৯ সেপ্টেম্বর। তবে সেটা ভারতে নয়, হবে সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE)। টুর্নামেন্টের ফাইনাল ৮ নভেম্বর।
সরকারিভাবে এখনও পর্যন্ত কিছু জানান হয়নি। তবে বোর্ড ফ্র্যাঞ্চাইজিগুলিকে এভাবেই আইপিএল শুরুর দিনক্ষণের একটা আভাস দিয়ে রাখতে চাইছে। কাউন্সিল আগামী সপ্তাহের বৈঠকে সূচি বানাতে চলেছে। BCCI-এর এক সিনিয়র আধিকারিক জানান, "সব ঠিকঠাক থাকলে ১৯ সেপ্টেম্বরই শুরু হচ্ছে IPL। আর ৮ নভেম্বর, রবিবার হবে ফাইনাল। ফ্র্যাঞ্চাইজি, সম্প্রচারকারী এবং বাকিদের সুবিধা মতোই ৫১ দিনের সূচি তৈরি করা হচ্ছে।"
IPL শেষ হলেই ডিসেম্বর-জানুয়ারি মাসে সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ার কথা টিম ইন্ডিয়ার। সেখানে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে কোহলিদের। সেই সফরের কথা মাথায় রেখেই বোর্ড IPL কে আরও এগিয়ে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে।

Post a Comment