নব-দিগন্ত নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী করোনার চোখ রাঙানি। দিন দিন বাড়ছে আক্রান্ত-মৃতের সংখ্যা। বেশকিছু ওষুধের ফলাফল আশা জাগালেও তাড়াহুড়ো করতে রাজি নয় WHO। ২০২১ সালের আগে করোনা ভ্যাকসিনের আশা না করাই ভালো, বুধবার এমনই আশঙ্কার কথা শোনালেন WHO কর্তা।


বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের কর্তা মাইক রায়ান বলেন, করোনা ভ্যাকসিন আবিষ্কারের পথে আশার আলো দেখাচ্ছে বেশ কয়েকটি সংস্থা। কিন্তু বাস্তবসম্মত দিক থেকে দেখলে, ২০২১ এর আগে সাধারণের কাছে করোনা ভ্যাকসিন পৌঁছে দেওয়া যাবে না।


এর কারণ হিসাবে তিনি বলেন, করোনা মহামারী গোটা বিশ্বের সমস্যা। এটি ধনি না দরিদ্র ভেদে সমস্যা নয়। তাই বিশ্বের সর্বত্র সমহারে প্রতিষেধক বন্টন করার দিকে আমাদের খেয়াল রাখতে হবে।


প্রসঙ্গত, আমেরিকার তরফে বেশ কয়েকটি ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাকে মোটা অংকের প্রস্তাব দেওয়া হয়েছে। সেই সংস্থাগুলির ভ্যাকসিন কার্যকরী ও নিরাপদ প্রমাণিত হলে তাঁদের বেশিরভাগ ভ্যাকসিন কিনে নিতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াকিবহাল মহল মনে করছে, আমেরিকার এই সংরক্ষণ প্রচেষ্টা রুখতেই WHO-র এমন বার্তা।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর