নব-দিগন্ত নিউজ ডেস্ক: 'মন কি বাত' অনুষ্ঠানে কার্গিল যোদ্ধাদের প্রতি সম্মান জ্ঞাপনের পাশাপাশি করোনা যুদ্ধে সহযোগিতার জন্য দেশবাসীকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত ও প্রতিটি দেশবাসীর সহযোগিতার ফলে ভারতে আজ অন্যান্য অনেক দেশের তুলনায় করোনা পরিস্থিতি অনেকটা ভালো জায়গায় রয়েছে। আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেকটাই কম রয়েছে দেশে। তবে এখনই হাল ছাড়লে হবে না, লড়াইয়ের এখনো অনেক বাকি, একথাও স্মরণ করিয়ে দেন তিনি। 


উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, গত কয়েকমাসের একত্রিত লড়াইয়ের ফলস্বরূপ দেশে কমেছে করোনা সংক্রমণের হার। অন্য অনেক দেশের তুলনায় কমেছে মৃত্যুর হারও। বহু মানুষের জীবন বাঁচাতে সক্ষম হয়েছি আমরা। সেই সঙ্গে তিনি বলেন, এখনো আগের মতোই শক্তিশালী করোনা। তাকে হারাতে মাস্ক পড়া, সামাজিক দূরত্ব বজায় রাখা ও নিয়মিত হাত ধোয়ার মতো সতর্কতামূলক পন্থাগুলিকে অভ্যাসে পরিণত করতে হবে। 


মাস্ক পরার ক্ষেত্রে একটি বাস্তব সমস্যার কথা এদিন উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলছেন,"অনেক সময় আমাদের মাস্ক পরতে অসুবিধা হয়। আমরা কারও সঙ্গে কথা বলার সময় মাস্ক খুলে ফেলি। যখন সবচেয়ে বেশি দরকার তখনই আমাদের মুখে মাস্ক থাকে না। আপনাদের কাছে অনুরোধ, যখন মাস্ক পরে থাকতে অসুবিধা হবে, দয়া করে একবার আমাদের চিকিৎসকদের কথা ভাববেন। কীভাবে ঘণ্টার পর ঘণ্টা মাস্ক, PPE পরে কাজ করতে হয় করোনা যোদ্ধাদের, সেই কথা মনে করবেন।" 

মাস্ক পড়তে অসুবিধা? একবার ভাবুন আমাদের করোনা যোদ্ধা সেই স্বাস্থ্যকর্মীদের কথা, যারা দিন-রাত PPE পড়ে সাধারণের সেবায় নিমগ্ন, মাস্ক পড়া কতটা গুরুত্বপূর্ণ তা বোঝাতে গিয়ে একথা বলেন তিনি। 


প্রধানমন্ত্রী বলছেন, সতর্ক থাকার পাশাপাশি আমাদের ধীরে ধীরে অর্থনৈতিক কর্মকাণ্ডও শুরু করতে হবে। মন কি বাতে তিনি বললেন, একদিকে আমাদের পুরো সতর্কতার সঙ্গে করোনার বিরুদ্ধে লড়তে হবে। অন্যদিকে আমাদের ব্যবসা-বাণিজ্যও শুরু করতে হবে। সঠিক মানসিকতা সব সমস্যার সমাধান করতে সাহায্য করছে। আমাদের এই আশাব্যঞ্জক মানসিকতাই আগামী দিনে এই লড়াইয়ে জিততে সাহায্য করবে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর