নব-দিগন্ত নিউজ ডেস্ক: কেন উইলিয়ামসনের দেশ নিউজিল্যান্ড এবার শ্রীলংকা এবং সংযুক্ত আরব আমিরশাহির পর বিসিসিআইয়ের এর কাছে আইপিএল আয়োজনের প্রস্তাব দিল। বর্তমানে নিউজিল্যান্ড প্রায় করোনা মুক্ত দেশ। এই পরিস্থিতিতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বিশ্বের সবচেয়ে দামি কোটিপতি লিগ আয়োজন করতে চেয়ে সৌরভ গাঙ্গুলীর কাছে প্রস্তাব জানিয়েছে।
করোনা ভাইরাস এর ভয়ঙ্কর আক্রমণের জেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ যে বাতিল হতে চলেছে তা একেবারে নিশ্চিত। বিসিসিআই সেই ফাঁকা সময়ে আইপিএল আয়োজন করতে মরিয়া। বিসিসিআইয়ের সভাপতি এবং কর্মকর্তারা আগেই জানিয়ে দিয়েছে যে আইপিএল আয়োজন করার ক্ষেত্রে ভারতের মাটি প্রথম পছন্দ।
ভারতীয় বোর্ড দরকার পড়লে ফাঁকা স্টেডিয়ামে আইপিএল আয়োজন করবে। তবে ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। দিনের পর দিন বেড়েই যাচ্ছে করোনা সংক্রমণ। তাই বোর্ডের কিছু কর্তারা মনে করছেন যে এই পরিস্থিতিতে দেশের মাটিতে আইপিএল আয়োজন নাও হতে পারে।
বিকল্প ব্যবস্থা হিসেবে বিদেশের মাটিতে আয়োজিত হতে পারে আইপিএল। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন যে সবার সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আইপিএলের ক্ষেত্রে। বিসিসিআই এর কাছে ক্রিকেটারদের সুরক্ষার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা স্পষ্ট বোঝা যাচ্ছে।
উল্লেখ্য এর আগে দুইবার ভারতের আইপিএল বিদেশের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল। ২০০৯ সালে পুরো আইপিএল হয়েছিল দক্ষিণ আফ্রিকায় এবং সংযুক্ত আরব আমিরশাহীতে ২০১৪ সালে আংশিক আইপিএল অনুষ্ঠিত হয়েছিল।

Post a Comment