অতীতের সব রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ করোনা সংক্রমণ। হু এর দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১ লক্ষ ৮৩ হাজার মানুষ।
রবিবার হু এর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় যে রেকর্ড সংখ্যক সংক্রমণ হয়েছে তাতে গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেলো ৮৭ লক্ষ। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি করোনা সংক্রমণ হয়েছে ব্রাজিলে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৭৭১ জন। একদিনে করোনা আক্রান্ত বৃদ্ধির নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা। সেখানে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৬১৬ জন। তৃতীয় স্থানে রয়েছে ভারত। এদেশে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন প্রায় ১৫ হাজার মানুষ। হু এর পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় গোটা বিশ্বে ৪ হাজার ৭৪৩ জনের মৃত্যু হয়েছে। ফলে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পেরিয়ে গেলো ৪ লক্ষ ৬০ হাজারের গন্ডি। আশঙ্কার কথা এই যে, নতুন সংক্রমণ ও মৃত্যুর দুই তৃতীয়াংশই আসছে দুই আমেরিকা মহাদেশ থেকে। যা উদ্বেগ বাড়াচ্ছে হু এর কর্তাদের। বিশ্বে দ্বিতীয়বার করোনা সংক্রমণের ‘বিস্ফোরণ’ হতে পারে বলে আশঙ্কা করছে হু।
হু এর ডিরেক্টর-জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস বলেন, "দ্রুত গতিতে ছড়াচ্ছে এই ভাইরাস। এই ভাইরাস আগের মতোই মারাত্মক। বেশিরভাগ মানুষের এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে। গোটা বিশ্ব এখন বিপজ্জনক পরিস্থিতিতে।"

Post a Comment