মার্কিন মুলুকে এবার থেকে কমানো হবে করোনা পরীক্ষার হার। জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, বেশি মাত্রায় করোনা টেস্ট হচ্ছে বলেই আক্রান্তের সংখ্যা বেশি ধরা পড়ছে। টেস্টিং কম হলেই আক্রান্তের সংখ্যা কমে যাবে। করোনা টেস্টিংকে 'ডবল এজেড সোর্ড' (দুদিকেই ধার-বিশিষ্ট তলোয়ার) এর সঙ্গে তুলনা করেছেন। তার মতে, করোনার টেস্ট কম হলে ঝুঁকি রয়ে যাবে, আবার টেস্ট বেশি করলে বেড়ে যাবে করোনা আক্রান্তের সংখ্যা। এ যেন উভয় সংকটেরই নামান্তর।
তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব দিক বিবেচনা করে করোনা পরীক্ষা কম হারে করার জন্যে আধিকারিকদের নির্দেশ দিচ্ছেন। তবে এখানেই শেষ নয়, তিনি করোনা ভাইরাস নিয়ে বর্ণবিদ্বেষমূলক বক্তব্য রাখলেন। এর আগেও তিনি করোনাকে চিনা ভাইরাস বলে দাবি করেছিলেন। এবার তিনি করোনার নামকরণ করলেন কুং ফ্লু। এমন ১৯টি পৃথক নাম তিনি দিতে পারেন এই অতিমারীর, বলছেন ট্রাম্প।
তবে মার্কিন বিশেষজ্ঞরা ট্রাম্পের এই মনোভাবে আশঙ্কার মেঘ দেখছেন। কারণ সেখানে মৃত্যু হার বেশি। ফলে টেস্ট কম হলে সমস্যা আরও বাড়বে বলে মনে করছেন তাঁরা।
ট্রাম্পের এমন মন্তব্যের পর এক আধিকারিক জানান, প্রেসিডেন্ট হয়তো মজা করে এসব বলেছেন। আদতে তাদের কাছে এ বিষয়ে কোনও নির্দেশ নেই।

Post a Comment