আকাশ হয়েছে ধূসর। ধুলোর চাপে বাতাস হয়েছে ভারি। এ যেন সাক্ষাৎ মৃত্যুদূত তাঁর লক্ষ সৈন্য সঙ্গে নিয়ে ধেয়ে আসছে। আছড়ে পড়বে উপকূলের শহরে। উত্তর ও দক্ষিণ আমেরিকার মানুষের সাহারা মরুভূমির ধুলোঝড় দেখে চোখ কপালে উঠেছে। দ্রুত ভয়ানক রূপ নিচ্ছে। নিঃশ্বাসের সমস্যা যাদের রয়েছে তাঁদের শারীরিক কষ্ট ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। 



প্রতিবছরই আমেরিকার উপকূলে আটলান্টিক সাগরের বায়ু, সাহারা মরুভূমির ধুলো তুলে ঝড় আকারে আছড়ে পড়ে। কিন্তু এবার এই ঝড় অনেক ভয়ানক। আবহাওয়াবিদদের মতে, গত ৫০ বছরে এই ঝড় আসেনি। ধুলোয় অনেক বেশি ঘন এবারের ঝড়। জামাইকার ব্লু মাউন্টেন ঢেকে গিয়েছে ধুলোর ঝড়ে যা কিংস্টোন থেকে স্পষ্ট দেখা যেত। ক্রমাগত কাশি, ও নিঃশ্বাসের কষ্ট সঙ্গী করে কিংস্টোনের বাসিন্দা স্যারে থমাস জানিয়েছে, 'আমার তিরিশ বছর বয়স। কোনওদিন এমন পরিস্থিতি দেখিনি'। 



নাসা জানিয়েছে, এই ধূলোর ঝড় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ হয়ে হিসপানিয়োলা, জামাইকা, পুয়েত্রারিকো, পূর্ব কিউবা হয়ে একেবারে পশ্চিম ও মধ্য আমেরিকা পর্যন্ত চলে যেতে পারে। তাই আবহাওয়াবিদরা এই ক'দিন ওই সব অঞ্চলের মানুষদের বাড়ির বাইরে আসতে নিষেধ করেছেন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর