নাওয়া-খাওয়া ভুলে করোনার প্রতিষেধক খুঁজতে ব্যস্ত বিশ্বের তাবড় বিজ্ঞানীরা। বহু পরীক্ষানিরীক্ষা চললেও এখনো ১০০% কার্যকরী ওষুধ হাতে আসেনি। এরই মধ্যে আজ (মঙ্গলবার) করোনার কার্যকরী ওষুধ আবিষ্কারের দাবি তুলল যোগগুরু বাবা রামদেবের কোম্পানি পতঞ্জলি। নব-নির্মিত এই ওষুধে করোনা রোগী সুস্থ হবেন মাত্র এক সপ্তাহে, দাবি করা হচ্ছে এমনটাই।
এদিন পতঞ্জলির তরফে জানানো হল, করোনা রোধে বিশ্বের প্রথম আয়ুর্বেদিক ওষুধ তৈরি করে ফেলেছে তারা। তবে এটি প্রতিষেধক হিসেবে কাজ করবে না। করোনা আক্রান্তকে সুস্থ করে তুলবে। ‘করোনিল ও শ্বাসরি’ নামের এই ওষুধ কোভিড রোগীদের উপর পরীক্ষা করেও দেখা হয়েছে। এই ওষুধ প্রয়োগে সুস্থতার পরিমাণ ১০০ শতাংশ বলে জানিয়েছে কোম্পানি।
এদিন হরিদ্বারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামদেব বলেন, “গোটা বিশ্ব নোভেল করোনা ভাইরাসের ভ্যাকসিন কিংবা ওষুধের অপেক্ষায় রয়েছে। তাই অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি, যে পতঞ্জলি রিসার্চ সেন্টার ও NIMS-এর অক্লান্ত প্রয়াসে প্রথম আয়ুর্বেদিক ওষুধ আমরা নিয়ে এসেছি। যা ইতিমধ্যেই করোনা রোগীর উপর পরীক্ষা করে দেখা হয়েছে। যার প্রমাণও আমাদের কাছে আছে। দীর্ঘ গবেষণার পরই এই ওষুধ তৈরি করা সম্ভব হয়েছে। এই ওষুধে তিন থেকে সাতদিনের মধ্যেই ১০০ শতাংশ সুস্থ হয়ে উঠবেন করোনা আক্রান্ত।”

Post a Comment