কিছুদিন আগে নেপাল ভারতের তিনটি জায়গাকে নিজেদের অন্তর্ভুক্ত করে সংবিধান সংশোধন করেছিল। এই সময় নেপালের সীমান্তরক্ষীরা বিহারের সীতামারি জেলার একজন চাষিকে গুলি করে হত্যা করেছিল। এবার তাঁরাই বিহারের একটি বাধ সংস্কারের কাজ বন্ধ করে দিল। নীতীশ কুমারের প্রশাসন ইতিমধ্যে বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে জানিয়েছে। বিহারের মন্ত্রী সঞ্জয় ঝা বলেন এই বাধের কাজ বন্ধ হয়ে যাওয়ায় বর্ষাকালে বিহারের মানুষ প্রচন্ড সমস্যায় পড়তে পারে। এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে অর্থাৎ মঙ্গলবার একটি জরুরি বৈঠকে বসছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। 



স্থানীয় সূত্রে খবর, নেপাল সীমান্তে অবস্থিত পূর্ব চম্পারণ জেলায় বিহারের জলসম্পদ দপ্তর গণ্ডক বাঁধ সংস্কারের কাজ করছিল। কিন্তু নেপালের সীমান্তরক্ষীরা ওই এলাকা নিজেদের দাবি করে বাঁধ সংস্কারের কাজ বন্ধ করে দেয়। বিহারের অভিযোগ, অনেকদিন আগেই এই লালবাঁকি নদীর উপরে গণ্ডক বাঁধ তৈরি হয়েছে, কিন্তু এতদিন কোনো সমস্যা সৃষ্টি হয়নি। কিন্তু বাঁধ সংস্কারের কাজ শুরু হবার পর নেপাল এই এলাকা নিজেদের দাবি করে জোর করে কাজ বন্ধ করে দেয়। এর ফলে বর্ষায় বিহারের বিস্তীর্ণ এলাকার জনবসতি প্রবল সমস্যার মুখোমুখি হবেন। 



বিহারের প্রশাসন জানিয়েছে, তারা এই বিষয়টি নিয়ে নেপালের সঙ্গে আলোচনা করে মিটিয়ে নিতে চেয়েছিল। কিন্তু তারা কোনো কথাতেই কান দিচ্ছে না। তাই এই ঘটনা ভারতে অবস্থিত নেপালের দূতাবাসে ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানানো হয়েছে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর