করোনার প্রতিষেধক খুঁজতে নাওয়া-খাওয়া ভুলেছেন বিজ্ঞানীরা। ব্যাপক হারে পরীক্ষা সত্ত্বেও এখনো পর্যন্ত অধরাই থেকে গেছে করোনার কার্যকরী ওষুধ। তবে আজ করোনার আয়ুর্বেদিক ওষুধ লঞ্চ করেছে যোগগুরু রামদেবের সংস্থা পতঞ্জলি আয়ুর্বেদ। সংস্থার দাবি, এই ওষুধ মাত্র ৭ দিনের মধ্যে করোনা আক্রান্তকে সুস্থ করে তুলতে পারে।
এই দাবির কয়েক ঘন্টা কাটতে না কাটতেই এবার সেই ওষুধের পূর্ণ বিবরণ চেয়ে পাঠালো কেন্দ্রীয় আয়ুষ-মন্ত্রক। সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, যতক্ষণ না পর্যন্ত প্রয়োজনীয় সব পরীক্ষায় প্রমাণিত হয় যে এই ওষুধ করোনায় কার্যকরী, ততক্ষন পর্যন্ত এই ওষুধের কোনো প্রকার বিজ্ঞাপনী প্রচার করা যাবে না।
পতঞ্জলি-র ওই ওষুধের নাম করোনিল৷ রামদেবের দাবি, দেশজুড়ে ২৮০ জন করোনা আক্রান্ত রোগীর শরীরে ট্রায়াল দিয়ে সাফল্য মিলেছে৷ করোনা কিট-সহ করোনিল নামক ওই ওষুধের দাম রাখা হয়েছে ৫৪৫ টাকা৷
কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক সংস্থাকে নির্দেশ দিয়েছে, ওষুধটিতে কী কী উপাদান রয়েছে, রিসার্চের ফল, কোন কোন হাসপাতালে ট্রায়াল দেওয়া হয়েছে, ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য রেজিস্টার্ড ছিল কি না, ইনস্টিটিউশনাল এথিক্স কমিটির ছাড়পত্র আছে কি না, এই সব যাবতীয় বিষয় দেখা হবে৷ হরিদ্বারে তৈরি ওই আয়ুর্বেদিক ওষুধের লাইসেন্স ও অনুমোদন পত্রও চেয়েছে কেন্দ্র৷

Post a Comment