মহেন্দ্র সিং ধোনিকে কবে থেকে আবার নীল রঙের জার্সিতে ভক্তরা দেখতে পারবে, এর উত্তর কারও কাছে নেই। তবে তিনি খেলার কাছাকাছিই থাকছেন। এবার তিনি কোচের ভূমিকা পালন করবেন। শোনা যাচ্ছে আগামী মাস থেকেই তিনি কোচের ভূমিকায় কাজ শুরু করে দেবেন।


২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে তাঁকে শেষবার ব্যাট হাতে দেখা গিয়েছিল। তারপর বাইশ গজ থেকে নিজেকে তিনি সরিয়ে রেখেছেন। সীমান্তে সেনাবাহিনীর সঙ্গে প্রশিক্ষণ, পরিবারের সঙ্গে বিদেশ ভ্রমণ এসবের মধ্যেই ব্যাস্ত ছিলেন তিনি। এসবের সব অবসান দিয়ে গত মার্চে নিজের দল চেন্নাই সুপার কিংসের জার্সিতে নামার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে সেটাও হয়নি মহেন্দ্র সিং ধোনির। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে অল্প অল্প করে তাঁর ভক্তদের দেখা দিচ্ছেন তিনি। তবে পর্দার ধোনি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নিজেকে আরও লুকিয়ে নিয়েছেন ধোনি। তবে এবার তাঁকে দেখা যাবে ক্রিকেটের মধ্যে।



তবে এখন তিনি কোনও উইকেটরক্ষক ব্যাটসম্যান নন, একজন কোচের ভূমিকায় কাজ করবেন। জানা গিয়েছে, আগামী ২ জুলাই অনলাইন ক্রিকেট অ্যাকাডেমি খুলছেন তিনি। সেখানেই কোচিং করাবেন। পুরো বিষয়টি নিজেই সামলাবেন। তাঁর সঙ্গে থাকছে সাউথ আফ্রিকার তারকা কুলিনান। ওই অ্যাকাডেমির কোচিং ডিরেক্টর কুলিনান। এই অনলাইন কোচিং সেন্টারে উঠতি ক্রিকেটাররা খুবই উপকৃত হবে বলে আশা করা যায়। 


উল্লেখ্য তিনি ২০১৭ তে দুবাইতে ক্রিকেট অ্যাকাডেমি খুলেছিলেন। কিন্তু ব্যস্ততার জন্য বিশেষ সময় প্রদান করতে পারেননি। ফলে তা গত বছর বন্ধ হয়ে যায়। তবে এই লক ডাউনের ফাঁকা সময়টাকে কাজে লাগাতে চান কোচ হিসেবে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর