দেশজুড়ে দিনের পর দিন বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। এখন দেশজুড়ে চলছে আনলক পর্ব। এই পর্বে দেশের বিভিন্ন রাজ্য ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরা শুরু করেছে। কিন্তু তার মধ্যেই দিন যাচ্ছে করোনা আক্রান্তের পুরোনো রেকর্ড ভেঙে নতুন ভাবে রেকর্ড সংখ্যায় বাড়ছে আক্রান্ত। গত ২৪ ঘন্টায় ১৮ হাজার ৫৫২ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ৫ লাখ এবং মৃত্যু হয়েছে ১৫ হাজারের বেশি মানুষের। এমতাবস্থায় ৩১ জুলাই প্রর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল ৪ রাজ্যে।  



এছাড়া মহারাষ্ট্র, দিল্লি, তেলঙ্গানা সহ বহু রাজ্যের একাধিক জেলা কড়া লকডাউনের মধ্যে রয়েছে। 


দেখে নিন ওই ৪ রাজ্যের অবস্থা: 

তামিলনাড়ু

তামিলনাড়ুতে শুক্রবার নতুন করে ৩ হাজার ৬৪৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৬২২ এ। রাজ্য সরকার গত সপ্তাহে ৪ জেলায় সম্পূর্ণ লকডাউন ঘোষণা করে। গত শুক্রবার থেকে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছিল চেন্নাইয়ে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার লকডাউন গোটা রাজ্যে বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করা হল।  

অসম

রাজ্য সরকার করোনা রুখতে ইতিমধ্যেই রাতে ১২ ঘন্টার রাতের কার্ফু জারি করেছে। আগামী ২৮ জুন থেকে ১৪ দিন টানা লকডাউন ঘোষণা করা হয়েছে কামরূপ শহরে। এর মধ্যে রয়েছে গুয়াহাটিও। রাজ্যের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, প্রথম ৭ দিন খুলবে না কোনও মুদির দোকান, সরবরাহ হবে না কোনও সবজি। তবে সূত্রের খবর, ২৭ তারিখেই রাজ্যের অন্যান্য শহর ও পুরসভা এলাকায় লকডাউন ঘোষণা করা হবে। 

পশ্চিমবঙ্গ

বাংলাতেও রোখা যাচ্ছে না সংক্রমণ। পরিস্থিতি পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার একটি সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন। সেখানে ৩১ জুলাই পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ঝাড়খণ্ড

রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঝাড়খণ্ড সরকার আগামী ৩১ জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর