'বিশ্বের অনেক মানুষ করোনার প্রভাবে ভারত বিপর্যস্ত হবে বলে ভাবলেও বাস্তবে তা হয়নি।' শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি ভারচুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্যই করলেন।


মার থোমা চার্চের রেভারেন্ড ডা. যোসেফ মার থোমা মেট্রোপলিটান-এর ৯০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার একটি ভারচুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ভারতের পাশাপাশি অন্য অনেক দেশ থেকেও রেভারেন্ড যোসেফ মার থোমার অনুগামীরা এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন । অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী ভাষণ দিতে গিয়ে রেভারেন্ড যোসেফকে জন্মদিনের শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি।


তিনি বলেন, "অভিনন্দন জানানোর পাশাপাশি আমি তাঁর দীর্ঘজীবন ও সুস্বাস্থ্যের কামনা করি। ডা. যোসেফ মার থোমা নিজের জীবন উৎসর্গ করেছেন আমাদের দেশ ও সমাজের উন্নতির জন্য। বিশেষ করে, গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও মহিলাদের আত্মনির্ভর করার জন্য তাঁর অক্লান্ত পরিশ্রম অত্যন্ত প্রশংসনীয়।" 


এরপরেই প্রধানমন্ত্রী ভারতের করোনা পরিস্থিতি নিয়ে মুখ খোলেন। ঠিক তখনই দেশের সুস্থতার হার নিয়ে মন্তব্য করলেন। তিনি বলেন, "এই বছরের শুরুতে অনেকেই ভেবেছিলেন যে ভারতে করোনা ভাইরাস ভয়ানক আকার ধারণ করবে। কিন্তু, লকডাউন, সরকারের বিভিন্ন উদ্যোগ ও দেশের মানুষ যেভাবে লড়াই করেছে তাতে ভারত অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো জায়গায় রয়েছে। সুস্থতার হারও বেড়ে চলছে ভারতে।"

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর