করোনার ভ্যাকসিন আবিষ্কারে মগ্ন গোটা বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা। বেশ কয়েকটি নামি ওষুধ তৈরির সংস্থাই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি ভ্যাকসিনের দিকে তাকিয়ে অনেকেই। অক্সফোর্ডের গবেষকদের তৈরি ভ্যাকসিনের পরীক্ষা-নিরীক্ষা এখন মাঝের স্তরে রয়েছে।
অক্সফোর্ডের গবেষকদের তৈরি ভ্যাকসিনটির ফল আশানুরূপ মিললে দ্রুত তা বাজারে আনতে ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'অ্যাস্ট্রাজেনেকা' অক্সফোর্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। ইতিমধ্যেই এই ভ্যাকসিনটির মানবদেহে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ চলছে। আশানুরূপ ফল পেলে চলতি বছরের সেপ্টেম্বরেই বাজারে চলে আসবে ওষুধ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার(WHO) শীর্ষ বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানান, "অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি ভ্যাকসিনটিই পরীক্ষা-নিরীক্ষার দিক থেকে সবথেকে এগিয়ে। খুব শিগগিরিই এই পরীক্ষার ফল প্রকাশ্যে আসতে চলেছে।"
তিনি আরও বলেন, মডার্না নামক ওষুধ-প্রস্তুতকারী সংস্থাটিও খুব একটা পিছিয়ে নেই অ্যাস্ট্রাজেনেকার থেকে। খুব শিগগিরি তৃতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়াল করবে মডার্নার প্রতিষেধক। তবে অ্যাস্ট্রাজেনেকার পরীক্ষা নিয়ে খুবই আশাবাদী হু। এছাড়াও হু ভ্যাকসিনের বিষয়ে চিনের সিনোভ্যাক ও ভারতের গবেষকদের সঙ্গেও যোগাযোগ রাখছে।
প্রায় ২০০ টি সংস্থা ভ্যাকসিন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে, তার মধ্যে ১৫টি এখন ক্লিনিক্যাল ট্রায়াল স্টেজে।

Post a Comment