নব-দিগন্ত নিউজ ডেস্ক: দেশ জুড়ে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই বিহারে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ১০ হাজারের কাছাকাছি। এরই মধ্যে কোনও নিয়মবিধি না মেনে এক বিয়ের অনুষ্ঠান থেকে করোনার বিস্ফোরণ।
বিহারের পালিগঞ্জের একটি বিয়ে বাড়ি থেকে করোনা আক্রান্ত হয়েছেন কমপক্ষে ১০০ জন। বিয়ের ২ দিন পর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু খোদ বরের। এই ঘটনার জেরে গোটা এলাকায় শুরু হয়েছে আতঙ্ক।
এই বিয়ে বাড়ি থেকে ১০০ জনের বেশি মানুষ করোনা পজিটিভ হয়েছেন। বিয়ের ১৫ দিন অবধি এখনও এই বিয়ে বাড়ি থেকে ছড়িয়ে পড়া সংক্রমণের জেরে করোনা পজিটিভ রোগী পাওয়া যাচ্ছে। সংক্রমণের ধারা খুঁজে পেতে এই বিয়েবাড়ির প্রায় ৩৫০ লোকের করোনা পরীক্ষা করা হয়। বিয়েবাড়িতে আসা বরযাত্রী, আত্মীয়, ফটোগ্রাফার, মিষ্টি প্রস্তুতকারক, আনাজ সরবরাহকারী সকলের করোনা পরীক্ষা করা হয়।
সম্প্রতি দিল্লি থেকে বাড়ি ফিরেছিলেন পাত্র। গত ১৫ জুন বিয়ে করেন। আর বিয়ের দুদিনের মধ্যেই মৃত্যু হয় তাঁর। প্রশাসনের তরফে জনসাধারণকে সতর্ক করা হয়েছে ও কিছু বাজার এলাকা সিল করেছে পুলিশ।

Post a Comment