বেআইনি ভাবে ব্যবহারকারীর তথ্য হাতানোর গুরুতর অভিযোগ উঠল টেক-সংস্থা গুগল এর বিরুদ্ধে। বিপুল অংকের টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের হল মার্কিন আদালতে। ক্ষতিপূরণ হিসাবে চাওয়া হয়েছে ৫০০ কোটি ডলার।


ক্যালিফোর্নিয়ার জেলা আদালতে দাখিল আবেদনে মামলাকারি দাবি করেছেন, ব্যবহারকারীরা তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে ক্রোম ব্রাউজারে ‘ইনকগনিটো মোড’ (Incognito Mode) বা প্রাইভেট মোড ব্যবহার করলেও সেখানও নজরদারি চালায় গুগল। ব্যবহারকারীদের ব্রাউজিং হিস্ট্রি ট্র্যাক এবং সংগ্রহ করে তারা। এ ছাড়া ব্যক্তিগত গোপনীয়তা সংক্রান্ত ক্যালিফোর্নিয়ার আইন আছে তা গুগল মেনে চলে না বলেও দায়ের মামলায় দাবি করা হয়েছে।


যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে গুগল। বরং তারা যা দাবি করেছে তা প্রচলিত ধারনার একেবারে উলটো। অনেকের ধারনা হল ‘ইনকগনিটো মোড' বা প্রাইভেট মোড ব্যবহার করলে গুগল ক্রোম ব্রাউজারে ইউজারের‘সার্চ হিস্টোরি’ ট্র্যাক করা হয় না। আদতে ব্যাপারটা তেমন নয় বলে জানিয়েছে অ্যালফাবেটের মালিকানাধীন সংস্থা।


এক্ষেত্রে Google-এর মুখপাত্রের বক্তব্য, কোনও ব্যবহারকারী Incognito মোডে Chrome ব্রাউজার ব্যবহার করলে তাঁর ব্রাউজিং অ্যাক্টিভিটি ব্রাউজার বা ডিভাইসে ধরা থাকে না। কিন্তু তাঁরা যে ওয়েবসাইট সার্চ করবেন ওই ওয়েবসাইট চাইলে গুগল অ্যানালিটিকস (Google Analytics), গুগল অ্যাড ম্যানেজার (Google Ad Manager)-সহ নানা নানা ভাবে তাঁদের ব্রাউজিং এক্টিভিটি সংগ্রহ করতে পারে।' আর এই বিষয়টি কখনই তারা ব্যবহারকারীদের কাছে গোপন রাখেনি বলেও Google-এর দাবি।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর