শনিবার বিকেলে পূর্ব চীনের ঝিজিয়াং প্রদেশের ওয়েনলিং শহরের কাছে হাইওয়ের উপর একটি গ্যাসের ট্যাঙ্কারে আগুন ধরে ভয়াবহ বিস্ফোরণ হয়। ট্যাঙ্কারের পাশে থাকা অন্যান্য গাড়ি ও রাস্তার ধারে থাকা বাড়িগুলিতে আগুন ছড়িয়ে পড়ে। ফলে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় দমকলের ৩৪টি ইঞ্জিন। তাঁদের অক্লান্ত পরিশ্রমের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সূত্রের খবর, লিকুইড গ্যাসভরতি ওই ট্যাঙ্কারটি চিনের পূর্ব উপকূলে অবস্থিত নিংবো শহর থেকে ওয়েনঝাউ শহরে যাচ্ছিল। বিকেল চারটে নাগাদ ওয়েনলিং শহরের কাছ থেকে যাওয়ার সময় হাইওয়ের উপর ট্যাঙ্কারটিতে ভয়াবহ বিস্ফোরণ হয়।
রবিবার অবধি দুর্ঘটনায় ১৮ জন মারা গেছেন এবং ১৬৬ জন আহত হয়েছেন। অনুসন্ধান ও উদ্ধার কাজ চলছে এবং আহত সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Post a Comment