গতকাল পশ্চিম মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপূত -এর দেহ। মাত্র ৩৪ বছর বয়সে বিদায় নিলেন বলিউড এর এই প্রতিভাবান অভিনেতা। সুশান্তের এই হঠাৎ চলে যাওয়াটা কেউ-ই মেনে নিতে পারছেন না। ঠিক কি কারণে আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল তাঁকে, তা রহস্যই থেকে গেল।
তবে যে মানুষটি সবার মন জয় করেছিলেন সে কিভাবে এই পথ বেছে নিয়ে চুপ করে চলে গেলেন ? এই প্রশ্ন তুললেন অভিনেতা মহম্মদ সমদ। তিনি ‘ছিছোড়ে’ ছবিতে সুশান্ত সিং রাজপুতের সহ-অভিনেতা ছিলেন। যাকে সুশান্তের ছেলের চরিত্রে দেখা গিয়েছিল। এই ছবিতে সুশান্ত নিজের ছেলেকে আত্মহত্যার থেকে বাঁচিয়ে জীবনকে উপভোগ করতে শিখিয়েছিলেন।
অভিনেতা মহম্মদ সমদ ইনস্টাগ্রামে লেখেন, "তোমার মত পড়াশুনো জানা একটা মানুষ কিভাবে এই কাজ করতে পারে ? এটা বিশ্বাস করা খুব কঠিন। আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি। স্বর্গের সবচেয়ে উচ্চস্থানে তোমার আত্মার জায়গা হোক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি।"

Post a Comment