সদ্যপ্রয়াত হয়েছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপূত। মুম্বাইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় দেহ। এর পরই প্রতিবাদে গর্জে ওঠে তার ফ্যানেরা। সুশান্ত সিং এর মৃত্যুকে আত্মহত্যা মানতে নারাজ অনেকেই। তাকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে, এমন অভিযোগও উঠতে শুরু করে।


তবে আজ ময়নাতদন্তের পূর্ণ রিপোর্ট হাতে পেল পুলিশ। রিপোর্টে বলা হয়েছে, ফাঁস লেগে দমবন্ধ হয়েই মৃত্যু হয়েছে অভিনেতার। তার নখ পরিষ্কার ছিল বলে জানানো হয়েছে। অর্থাৎ, ময়নাতদন্তের রিপোর্ট সুশান্ত সিং এর মৃত্যুকে আত্মহত্যা হিসাবেই তুলে ধরল।


পুলিশ জানায়, তাঁর শরীরের বিশেষ অংশ সংরক্ষণ করা হয়েছে এবং রাসায়নিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে।


রিপোর্ট অনুযায়ী, এটি স্পষ্ট আত্মহত্যার ঘটনা। অন্য কোনও কারণ নেই মৃত্যুর। স্বাভাবিক ভাবেই সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনার সঙ্গে যে সংযোগের তত্ত্ব উঠে এসেছিল, তারও কোনও সম্পর্ক রইল না।


এখনও পর্যন্ত মুম্বই পুলিশ সুশান্তের মৃত্যু-রহস্যের কিনারা করতে ২৩ জনের বয়ান রেকর্ড করেছে। মৃত অভিনেতার বাবা, তিন বোন, বন্ধু, রাঁধুনি, ম্যানেজার এবং চাটার্ড অ্যাকাউন্ট্যান্টসহ ২৩ জনের বয়ান রেকর্ড করে পুলিশ। এই তালিকায় রয়েছেন সুশান্তের বন্ধু এবং অভিনেত্রী রিয়া চক্রবর্তীও। একই সঙ্গে পুলিশ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, আবাসনের সিসিটিভি ঠিকঠাকই কাজ করছিল। পাশের ঘরেই সুশান্তের একটি কুকুর ছিল। সে জীবিতই রয়েছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ার ভুয়ো খবরগুলো নিয়েও তদন্ত করা হবে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর