লাদাখের গালওয়ান উপত্যকায় চিন ও ভারতের মধ্যে যে সংঘর্ষ হয়েছে ১৪ জুন, তাতে ভারতের ২০ জন সেনা শহীদ হন। সূত্রের খবর অনুযায়ী শোনা যাচ্ছে যে, চীনের এই আক্রমণের জবাব দিতে ভারতীয় সেনাদের পূর্ণ স্বাধীনতা দিয়েছে কেন্দ্র ৷ এই বিবাদের বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনাপ্রধান ও সিডিএস বিপিন রাওয়াতের সঙ্গে মিটিং করেন। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভারতের সেনাবাহিনীকে আক্রমনের মোকাবিলার জন্য সম্পূর্ণ ছাড় দেওয়া হলো।
সূত্রের খবর অনুযায়ী, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে অর্থাৎ ভারত-চিন সীমান্ত পাহারাদারী সেনাদের যুদ্ধ করার কিছু নিয়ম কানুনে বদল আনা হতে পারে। চীনের সঙ্গে সংঘর্ষের ফলে ভারতীয় সেনাদের ভিতরেও চলছিলো রাগ - ক্ষোভ। এমন উত্তেজনাময় পরিস্থিতিতে ভারতীয় সেনাদের যে কোনও কঠিন পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রেও ছাড়পত্র দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে।
সীমান্তে অস্ত্রসহ চীনা সেনাদের তৎপরতা বেড়েছে এবং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে আগেই জওয়ানদের সতর্কবার্তা দিয়েছিলো কেন্দ্র। ভারতীয় সেনারাও প্রস্তুত যুদ্ধের সাজে। ৩৫০০ কিমি চিন সীমান্তে কড়া নজর রেখেছে সেনারা। বায়ুসেনাকেও সতর্ক থাকতে বলা হয়েছে। এলএসি-র ফরওয়ার্ড বেসে মিগ, হারকিউলিস, মিরাজ, সুখোই বিমান প্রস্তুত। অ্যাপাচে কপ্টারও দেখা গিয়েছে লেহর আকাশে। সূত্রের খবর অনুযায়ী চিনুক হেলিকপ্টারকে বায়ুসেনার চন্ডীগড় বেস থেকে পাঠানো হয়েছে। অর্থাৎ এবার লাল বাহিনী একটা ইট ছুঁড়লে সঙ্গে সঙ্গে ভারতীয় সেনা পাটকেল জবাব দিতে প্রস্তুত।

Post a Comment