শুভেন্দু লায়েক, বাঁকুড়া: মঙ্গলবার বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি ব্লকের হাঁসপাহাড়ির জঙ্গলে একশো দিনের কাজের প্রকল্পে মাটি কাটার কাজ করছিলেন শ্রমিকরা । আচমকাই জঙ্গল থেকে দিনে-দুপুরে ভেসে আসে একটি শিশুর কান্নার আওয়াজ। প্রথমে বিষয়টি বুঝে উঠতে না পারলেও কিছুক্ষন পর শ্রমিকরা বুঝতে পারেন শিশুর কান্নার শব্দ জঙ্গলের ভেতরের দিক থেকেই আসছে।
এরপর কান্নার শব্দ অনুসরণ করে জঙ্গলের ভেতর কিছুটা এগোতেই একটি সদ্যজাত কন্যা সন্তানকে মাটিয়ে শুয়ে কাঁদতে দেখেন শ্রমিকরা। দ্রুত খবর দেওয়া হয় স্থানীয় গঙ্গাজলঘাঁটি পঞ্চায়েত সমিতিতে। এরপরই ঘটনাস্থলে ছুটে এসে সুস্থ ও স্বাভাবিক ওই কন্যা সন্তানকে উদ্ধার করে অমরকানন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান গঙ্গাজলঘাঁটি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নিমাই মাজি। সেখানেই আপাতত ঠাই হয়েছে সদ্যজাত ওই কন্যা সন্তানের ।
জেলা প্রশাসনের নির্দেশ মতো পরবর্তী পদক্ষেপ করা হবে বলে অমরকানন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের তরফে জানানো হয়েছে।

Post a Comment