করোনা আতঙ্কের মধ্যেই নতুন সমস্যার মেঘ ভারতের আকাশে। যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন! কার্যত ১৯৯৯ সালের কার্গিল স্মৃতি উস্কে লাদাখে ফের যুদ্ধের আবহ তৈরী হয়েছে ভারত ও চীনের মধ্যে। পরিস্থিতির গুরুত্ব বুঝে মঙ্গলবার সন্ধ্যায় জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও সেনা সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স স্টাফ) জেনারেল বিপিন রাওয়াত। এছাড়াও ছিলেন স্থলসেনা প্রধান জেনারেল এম.এম নারভানে, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এস.কে ভাদোরিয়া, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল করমবীর সিং।
প্রায় ২ ঘন্টা ধরে চলা সেই বৈঠকে চীনা আগ্রাসন আটকানোর কূটনৈতিক ও সামরিক দিক নিয়ে আলোচনা করা হয়। এর আগে বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা দেখা করেন প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রীর সঙ্গে। বৈঠকের আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও বিদেশমন্ত্রী এস জয়শংকর একদফা বৈঠক করেন তিন বাহিনীর প্রধানদের সঙ্গে। পরে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের প্রশাসক গভর্নর আর কে মাথুরের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী।
ভারতীয় সেনার নর্দার্ন কমান্ডের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডিএস হুদা বলেছেন, এবারে চিনা আগ্রাসনের চরিত্র অন্যবারের থেকে পুরো আলাদা। কারগিলের মতো সরাসরি ভারতীয় এলাকায় ঢুকেছে ওরা। বাঙ্কার, টানেল ও পরিকাঠামো তৈরি করেছে। ওরা সহজে সরে যাওয়ার বার্তা দিতে আসেনি।

Post a Comment