করোনার জেরে চলছে লকডাউন। এই লকডাউনের পর জলপাইগুড়িতে আজই প্রথম সব ধরণের দোকানপাট খুলল। দীর্ঘদিন পর দোকান খুলতে পেরে ব্যবসায়ীদের মুখে ফুটেছে হাসি। তবে হাসি ফুটলেও প্রাকৃতিক দুর্যোগের জেরে ক্রেতা না হওয়ায় মন ভালো নেই তাঁদের।
গতকাল দক্ষিণবঙ্গে শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা ও পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। উত্তরবঙ্গের বহু জায়গায় আমফানের দাপটে ভারী বৃষ্টি হয়েছে। জলপাইগুড়িতেও সকাল থেকে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে। দীর্ঘদিন পর আজ দোকান খুললেও এই দুর্যোগের জেরে ক্রেতার দেখা মেলেনি।
জলপাইগুড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিলীপ শা বলেন, আজ দু'মাস পর দোকানপাট খুলল। স্যানিটাইজ করে দোকানগুলো খোলা হয়েছে। তবুও ক্রেতার দেখা মেলেনি। হয়তো দুর্যোগের ফলেই বাজারে ক্রেতা আসেনি। তবে আশা করা যায় পরিস্থিতি স্বাভাবিক হলে অর্থাৎ দুর্যোগ কেটে গেলে কেনাকাটাও স্বাভাবিক হবে।

Post a Comment