করোনা মহামারীর জেরে দেশে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন পরিযায়ী শ্রমিক এবং গরিবরাই৷ আজ মন কি বাত-এ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে জনজীবন স্বাভাবিক হতে থাকায় দেশবাসীকে সতর্ক থাকার আবেদন জানালেন প্রধানমন্ত্রী। এদিন আত্মনির্ভর ভারত গড়ার কথা শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে। তাঁর দাবি, দেশ আত্মনির্ভর হলে করোনা মোকাবিলায় সমস্যা অনেকটাই কম হতো। তবে কন্টেইনমেন্ট জোন বাদে গোটা দেশে লকডাউন উঠে গেছে। এই লকডাউন উঠলেও করোনার বিপদ কিন্তু এতটুকুও কমেনি। এই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মানুষ করোনা সংক্রমণ রুখতে এবং সামাজিক দূরত্ব মানতে যে সমস্ত উদ্ভাবনী শক্তি বের করেছেন তাঁর প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "আমাদের গ্রাম জেলা রাজ্যগুলি আত্মনির্ভর হলে এত সমস্যা হতো না। কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্যেও মানুষ আত্মনির্ভর হওয়ার যে চেষ্টা চালাচ্ছে তা আমাকে মুগ্ধ করেছে।"
'মন কি বাত' অনুষ্ঠানে এদিন প্রধানমন্ত্রী দাবি করেন, গোটা বিশ্বের তুলনায় ভারতে করোনা পরিস্থিতি অনেক ভালো। সবটাই এতদিনের সতর্কতা অবলম্বনের ফল বলে জানান তিনি। তবে লকডাউনের পঞ্চম পর্যায়ে যে ছাড় দেওয়া হয়েছে তা দুঃস্থ দেশবাসীর কথা ভেবেই করা হয়েছে বলেও জানিয়েছেন মোদী।
কিন্তু ছাড় মানেই বিপদ শেষ হয়ে গেছে তা কিন্তু নয়, নিজের ও পরিবারের সুরক্ষার খাতিরে এখনো দু'গজের দূরত্ব ও মাস্ক ব্যবহার করা প্রয়োজনীয়।

Post a Comment