ফাইল চিত্র
করোনা ভাইরাস ও লকডাউনের জেরে মাঝপথে স্থগিত হয়ে যায় উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবার বাকি থাকা পরীক্ষাগুলি জুন মাসের শেষ ও জুলাই মাসের শুরুতে নেওয়া হবে। আজ বিকেলে ভিডিয়ো প্রকাশ করে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
তিনি জানান, "বাকি পরীক্ষাগুলি জুন মাসের ২৯ ও জুলাই মাসের ২ ও ৬ তারিখ নেওয়া হবে। তবে কোনও পরীক্ষা কেন্দ্রে ৮০ থেকে ১০০ জনের বেশি পরীক্ষার্থী থাকবে না।
সামাজিক দূরত্ব বজায় রাখতে একটি বেঞ্চ ছেড়ে পরীক্ষার্থীদের বসানো হবে।" এছাড়া তিনি জানান, প্রত্যেক পরীক্ষার্থীদের মাস্ক পরে আসতে হবে এবং সঙ্গে রাখতে হবে হ্যান্ড স্যানিটাইজার।
মার্চের শেষে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় মাঝ পথেই সমস্ত পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়। স্কুল, কলেজও বন্ধ হয়ে যায়। লকডাউনের চতুর্থ দফায় বেশ খানিকটা ছাড় মিলেছে। ফলে নতুন করে পঠনপাঠন শুরু করার ভাবনা চলছে। জানা যাচ্ছে, লকডাউনের পরই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল।

Post a Comment