করোনা ভাইরাসের পাশাপাশি প্রচন্ড শক্তিশালী ঝড় আমফানের তান্ডবে ধ্বংস গোটা দক্ষিণবঙ্গ। হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও পূর্ব মেদিনীপুর এবং কলকাতায়ও তান্ডবলীলা প্রদর্শন করেছে এই ঝড়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান এই ঝড়ের ফলে মোট ৭২ জনের মৃত্যু হয়েছে। প্রায় ধ্বংস হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গ। এই ঝড়ের ভয়ানক পরিচয় তুলে ধরেন তিনি টাস্ক ফোর্সের বৈঠকের পর। এই পরিস্থিতিতে সবরকম ভাবে পাশে থাকার আশ্বাস দিলেন বাংলার আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। বাংলার পাশাপাশি ওড়িশ্যারও পাশে দাঁড়ানোর কথা বললেন নাইটের ফ্র্যাঞ্চাইজি।
বুধবার এই ঝড় শুরু হবার কিছু পরেই নাইটের তরফ থেকে কভারে ঢাকা একটি ইডেন গার্ডেনের ছবি কেকেআরের অফিসিয়াল ওয়েবসাইটে পোস্ট করে বলা হয়েছে, "এই ঝড় খুব তাড়াতাড়ি কমে যাবে। আমরা খুব খারাপ সময় অতিবাহিত করছি। তবে আমরা আরও শক্তিশালী ভাবে ফিরে আসব।" সবাইকে নিরাপদে থাকারও পরামর্শ দেন নাইটরা। বৃহস্পতিবার সেই ট্যুইটটি রিট্যুইট করেন কলকাতা নাইট রাইডার্স সিইও বেঙ্কি মাইশোর। তিনি বলেন, "বাংলা এবং ওড়িশ্যার বন্ধুদের কাছে ফোন করে জানতে পারলাম তারা খুব ভয়ানক পরিস্থিতিতে আছে। তাদের সব রকম সাহায্য করতে আমরা তৈরি।"
তারপর সচেতনতার লক্ষ্যে যে রাজ্যগুলো বিপর্যস্ত হয়েছে সেই রাজ্যগুলোর হেল্পলাইন নাম্বার পোস্ট করা হয়েছে কেকেআরের তরফ থেকে। এর আগেও একাধিকবার বিভিন্ন সমাজ সেবা মূলক কাজে এগিয়ে আসতে দেখা গিয়েছে কিং খানের দলকে। যেমন কয়েকদিন আগে করোনা মোকাবিলায় ভারতের পাশে তো বটেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জতেও সাহায্য করতে এগিয়ে গিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি।

Post a Comment