করোনা ভাইরাস ভারতের পরিস্থিতি ক্রমশ জটিল করে তুলছে। ৪ মে থেকে দেশের বিভিন্ন জায়গায় লকডাউন শিথিল করার কথা ভেবেছিল কেন্দ্রীয় সরকার। সেইসময় উদ্বেগ বাড়াল করোনার পরিসংখ্যান। গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে ৭৩ জনের। যে সংখ্যাটি দৈনিক হিসেবে সবচেয়ে বেশি এবং নতুন আক্রান্ত হয়েছেন ১৮০১ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৫,০০০ ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৫৪। আজ (শুক্রবার) সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বিজ্ঞপ্তি প্রকাশের পর বেড়েছে চিন্তা।
স্বাস্থ্যমন্ত্রকের মতে, রোগমুক্তির হার দু সপ্তাহ আগে ছিল ১৩ শতাংশ। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২৫.৩৬ শতাংশে। এখনও পর্যন্ত দেশে মোট ৯১৭৭ জন সুস্থ হয়েছেন। যা আশার আলো দেখাচ্ছে চিকিৎসকদের। কিন্তু আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ফলে চিন্তায় পড়েছেন স্বাস্থ্যকর্তারা। মে মাসের শুরুতে এই পরিসংখ্যান অত্যন্ত চিন্তার বিষয়। লকডাউন শিথিল করলে পরিস্থিতি আরও খারাপ হবে না তো? প্রশ্ন থেকেই যাচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে মহারাষ্ট্র ও গুজরাট। মহারাষ্ট্রে বৃহস্পতিবার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১০,৪৯৮ এবং মৃতের সংখ্যা ৪৫৯। গুজরাটে বৃহস্পতিবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৪৩৯৫ জন এবং মারা গিয়েছেন ২১৪ জন।

Post a Comment