করোনা ভাইরাস আক্রমণের ফলে স্তব্ধ গোটা দেশ। দিনের পর দিন বেড়েই চলছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। লকডাউন ঢিলে হতেই ঝড়ের গতিতে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে ৫ হাজার ৬১১ জন আক্রান্ত হয়েছে। এতদিনের মধ্যে এই সংখ্যাই সর্বোচ্চ। 


আজ অর্থাৎ বুধবার সকালের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের  জানানো তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ৬১১ জন। এর আগে ১৮ মে করোনায় আক্রান্ত হয়েছিল ৫ হাজার ২৪২ জন। তার আগে ১৭ মে ৪ হাজার ৯৮৭ জনের করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়। অর্থাৎ যত দিন যাচ্ছে করোনা সংক্রমিতের হার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।


ইতিমধ্যেই ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬ হাজার ৭৫০ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১৪০ জনের। ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩০৩-এ। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ হাজার ২৯৭ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬১ হাজার ১৪৯ জন। বিশ্বে করোনা আক্রান্তের নিরিখে এখন একাদশ স্থানে ভারত। উপরে আছে ইরান।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর