2003 সালে যাত্রা শুরু। স্বল্পপরিচিত 'ফেসম্যাস'কে সঙ্গে নিয়ে। এরপর 2004 সালে নাম বদলে হল ফেসবুক। যা আজ বহুল ব্যবহৃত একটি সোশ্যাল প্লাটফর্ম। এই দীর্ঘ যাত্রাপথে সময়ের সঙ্গে তাল মিলিয়ে পাল্টেছে ফেসবুকও। এসেছে বহু নতুন ফীচার, সেই সঙ্গে এসেছে নতুন নিয়মাবলী। এবার আরেকটি নতুন নিয়ম যুক্ত হতে চলেছে ফেসবুকে।
নিত্যদিন পোস্টের ভরমারে ভাইরাল হয় অনেকগুলিই। এর ফলে বেড়ে যায় ভুল বার্তা ছড়িয়ে পড়ার আশঙ্কাও। বস্তুত, ভুল খবর ছড়ানোর বিষয়ে কিছুদিন আগেই জেরবার হয়েছে ফেসবুকের মালিকানাধীন অপর সোশ্যাল প্রোডাক্ট হোয়াটস্অ্যাপ। এরপর ভারত সরকার হস্তক্ষেপ করে, ফলত নিয়মে বেশ কিছু বদল করে সংস্থাটি। এবার সেই তালিকায় ফেসবুক। ভুল বার্তা ছড়ানো রুখতে পদক্ষেপ নিচ্ছে সংস্থা।
ফেসবুক সংস্থার তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, এখন থেকে ভাইরাল হওয়া পোস্ট ও যে প্রোফাইল থেকে সেই পোস্ট করা হয়েছে তা খতিয়ে দেখবে ফেসবুক। ভুয়ো সংবাদ রুখতেই এই নতুন পদক্ষেপ, এমনই জানাচ্ছে মার্ক জুকারবার্গ এর ফেসবুক।

Post a Comment