করোনা, আমফানের পর নয়া আতঙ্কের নাম পঙ্গপাল। পাকিস্তান সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছে পঙ্গপালের বিশাল দল। রাজস্থানের বিস্তীর্ণ অঞ্চলের ফসল নষ্ট করেছে এই পঙ্গপালের দল। পঙ্গপাল হামলার আশঙ্কায় রয়েছেন হরিয়ানা ও মধ্যপ্রদেশের চাষীরাও। এরই মধ্যে রাষ্ট্রসংঘ জানিয়েছে, সামনের মাসে আট হাজার কোটি পঙ্গপালের জন্ম হতে পারে ভারত-পাক সীমান্তে। আবার নতুন করে ভারতে হানা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে।
মরু অঞ্চলের পঙ্গপাল ফসলের জন্য সব থেকে ক্ষতিকারক বলে ধরা হয়। ১লা জুন থেকে ভারতে বর্ষার মরশুম শুরু। স্যাতস্যাতে আবহাওয়া পেলে পঙ্গপালের দল ডিম পাড়ে। বর্ষার সময় ভারত-পাক সীমান্ত এলাকায় আদ্রতা বেশি হয়। ফলে ওই অঞ্চলে পঙ্গপালের দল বেশি সংখ্যায় ডিম পাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জয়পুর কৃষি বিভাগের সহ-সচিব এসপি সিং জানান, পঙ্গপালের সমস্যা এখন আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে। বিশ্বের বহু দেশে এই পতঙ্গ অনাকাঙ্খিত ভাবে ফসল নষ্ট করছে। এই সমস্যা নিয়ে রাষ্ট্রসংঘে আলোচনা হতে পারে বলে জানান তিনি। এছাড়াও, পঙ্গপালকে জন্মের আগেই মেরে ফেলার বিষয়টিও ভাবা হচ্ছে।

Post a Comment