আমফানের দাপটে তছনছ পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ৷ প্রাণ হারিয়েছেন বহু মানুষ। ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার সম্পত্তির। ঘূর্ণিঝড় আমফানের এই ভয়াবহতাকে আয়লার থেকে ভয়ঙ্কর বলেই ব্যাখ্যা করল রাষ্ট্রসংঘ৷



রাষ্ট্রসংঘ জানিয়েছে, ২০০৯ সালের মে মাসে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশে আছড়ে পড়েছিল সুপার সাইক্লোন আয়লা। তবে এবার আয়লার থেকেও ভয়ঙ্কর ছিল আমফান। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড় আমফানের সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় প্রায় ১৮৫ কিলোমিটার এবং কলকাতায় ঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ১৩৩ কিলোমিটার। সূত্র বলছে, ২০০৯ সালে কলকাতায় ঘূর্ণিঝড় আয়লার বেগ ছিল ঘণ্টায় ১১২ কিলোমিটার। সে বারের সুপার সাইক্লোনের ধাক্কায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল সুন্দরবন এলাকা। আর এ বারের ঝড়ের ধংসলীলার ছাপ পড়েছে সর্বত্র।


আমফানের দাপটে কলকাতার অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিচ্ছিন্ন হয়েছে টেলি যোগাযোগ ব্যবস্থা। বহু জায়গায় উপড়ে গিয়েছে গাছ, বৈদ্যুতের খুঁটি। তাই ঘূর্ণিঝড় আমফানের এই ভয়াবহতাকে আয়লার থেকেও ভয়ঙ্কর বলেই মত রাষ্ট্রসংঘের৷

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর