করোনা ভাইরাসের দাপট সামলাতে ক্লান্ত গোটা দেশ। লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কোনও ভাবেই আটকানো যাচ্ছে না এর গতিকে। এরই মধ্যে একজন সেলিব্রিটির দেহে করোনা ভাইরাসের সন্ধান মিলল।



বলিউডের জনপ্রিয় অভিনেতা কিরণ কুমার বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত। তিনি নিজেই তা জানান। কিন্তু আশ্চর্য্যের কথা হল তাঁর শরীরে কোনও লক্ষণ না থাকা সত্বেও তিনি এই ভাইরাসে আক্রান্ত হলেন। ৭৪ বছর বয়সি এই অভিনেতাকে বর্তমানে বিশেষ যত্ন সহকারে রাখা হয়েছে।


১৪ মে তিনি করোনা পজিটিভ রিপোর্ট পান। তারপর থেকেই তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন। পরিবারের বাকি সদস্যের থেকেও আলাদা আছেন। দশদিন পর আবার অর্থাৎ ২৫ মে কিরণের করোনা টেস্ট হবে। 


তিনি নিজেই অবাক যে কোনও লক্ষণ ছাড়াই তাঁর শরীরে করোনা বাসা বাঁধলো। তাঁর জ্বর, সর্দি, কাশি কিছুই ছিল না। শ্বাসকষ্টও ছিল না। তাছাড়া বাকি কোনও করোনা ভাইরাসের লক্ষণও ছিল না। বর্তমানে তিনি নিজের বাড়ির একটি তলায় একা বাস করছেন।



অভিনেতা কিরণ কুমারের আগেও বলিউডে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। গায়িকা কণিকা কাপুর করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। তারপর করিম মোরানি ও তাঁর দুই মেয়েও করোনা ভাইরাসে আক্রান্ত হন। যদিও এরা চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর