লকডাউনের জেরে দেশের সবচেয়ে ক্ষতি হয়েছে পরিযায়ী শ্রমিকদের। রেলের তরফ থেকে জানানো হয়, গত ৯ মে থেকে ২৭ মে-র মধ্যে ৮০ জন পরিযায়ী শ্রমিকের শ্রমিক স্পেশাল ট্রেনে মৃত্যু হয়েছে।
লকডাউনে ভিনরাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে ১লা মে থেকে শ্রমিক স্পেশাল ট্রেন চালু করেছে রেল। এখনও পর্যন্ত ৫০ লক্ষ পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরানো হয়েছে। আরপিএফ-এর ডেটা বলছে, ৯ মে থেকে ২৭ মে-র মধ্যে ৮০ জন পরিযায়ী শ্রমিক শ্রমিক স্পেশাল ট্রেনে মারা গিয়েছেন।
রেলমন্ত্রকের দাবি, মারা যাওয়া শ্রমিকদের বেশিরভাগই আগে থেকেই অসুস্থ ছিলেন। ফলে বাড়ি ফিরতে বাধ্য হন। কিন্তু ট্রেনেই অবস্থার অবনতি হওয়ায় মৃত্যু হয়৷ তবে কিছু শ্রমিক গরম ও না খেতে পেয়ে মারা গিয়েছেন বলে জানা যায়।
রেল বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব জানান, "প্রতিটি মৃত্যুই এক একটি বড়ো ক্ষতি। ট্রেনে থাকাকালীন কোনও ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাঁকে তৎপরতার সঙ্গে ট্রেন থেকে নামিয়ে পাশাপাশি হাসপাতালে চিকিৎসার জন্য যাতে পাঠানো যায় সেই ব্যবস্থা করা হচ্ছে।"

Post a Comment