পাতালেও হাজির করোনা ভাইরাস। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে এমপোনেং সোনা খনির ১৬৪ জন শ্রমিকের শরীরে করোনার সন্ধান মেলে। এই খবর আসতেই সেখানে খনন কার্য বন্ধ করে দেওয়া হয়। 


লকডাউনের জেরে সেখানে বন্ধ ছিল খনির কাজ। তবে মাঝেসাঝে টুকটাক কাজ চলছিল। তারপর লকডাউন শিথিল হওয়ায় আবার খনিতে কাজ শুরু হয়ে যায়। তবে এখন সব বন্ধ। খনির ভিতরে জীবাণুনাশক ছেটানোর কাজ চলছে। এতজন শ্রমিকের শরীরে করোনার উপস্থিতি মেলায় চিন্তায় কর্তৃপক্ষ। 


লকডাউন শিথিল হওয়ার পরে ৫০ শতাংশ শ্রমিক নিয়ে কাজ শুরু হয়। তবে শ্রমিকরা নিজেদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এই খনিতে আক্রান্ত হওয়া ১৬৪ জনের শরীরে করোনার কোনও লক্ষণ ছিল না। 



খনির মালিক জানান, বর্তমানে করোনা আক্রান্ত শ্রমিকদের আইসোলেশনে রাখা হয়েছে। গত সপ্তাহে প্রথম একজনের শরীরে করোনা ধরা পড়েছিল। তারপর ৬৫০ জন শ্রমিকের নমুনা পরীক্ষা করা হয়। এমনিতেই দক্ষিণ আফ্রিকায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে। সারা দেশে করোনা আক্রান্ত ২১ হাজার ৩৪৩ জন এবং মারা গিয়েছেন ৪০৭ জন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর