বিশ্বজুড়ে থাবা বসিয়েছে করোনা । তার জেরে সব দেশে চলছে লকডাউন । জরুরি পরিষেবা বাদে বন্ধ করে দেওয়া হয়েছে যাবতীয় কর্মকান্ড । বন্ধ কারখানা, বন্ধ পরিবহন ব্যবস্থা । বন্ধ ব্যাবসা বাণিজ্য । দেশজুড়ে খাবার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের হাহাকার শুরু হয়ে গিয়েছে। দিন এনে দিন খাওয়া মানুষদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই অবস্থায় দুস্থ মানুষদের সাহায্যে এগিয়ে আসতে দেখা গেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে সাংসদ, মন্ত্রী, শিক্ষক-শিক্ষিকা কিংবা পড়ুয়াদের। অনেকে আবার ব্যক্তিগত অনুদানও দিয়েছেন । কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে জনগণ সেই দানের সেই ছবি তুলতে ব্যস্ত । তাই রাজস্থান সরকার দুস্থদের মধ্যে খাদ্য প্যাকেট বিতরণ ও রেশন বিতরণের সময় ছবি তোলা নিষিদ্ধ করেছে ।
এই বিষয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, "দরিদ্রদের মধ্যে খাদ্য ও রেশন বিতরণকে একটি পরিষেবা হিসাবে গ্রহণ করা উচিত । প্রচার ও প্রতিযোগিতার মাধ্যম হিসাবে তৈরি করা উচিত নয় । এই দুঃসময়ে গরিবদের উপকার করা উচিত। সক্ষমদের এই সুযোগের সুবিধা নেওয়া উচিত নয় ।"
গেহলট আরও বলেন, "দুঃস্থ পরিবার গুলির যাতে এই কঠিন সময়ে অভুক্ত না থাকতে হয় সেদিকে নজর রেখে রেশন ও রান্না করা খাবারের প্যাকেট তৈরী করেছে সরকার। তবে, রেশন বা খাদ্য-সামগ্রী বিতরণের সময় সরকারী নির্দেশ মেনে দূরত্ব বজায় রাখা উচিত ।"

Post a Comment