করোনা মোকাবিলায় পিএম কেয়ার্স ফান্ডে 25 হাজার টাকা আর্থিক সাহায্য দিলেন প্রধানমন্ত্রীর মা হীরাবা মোদী ।
করোনা মোকাবিলায় জয়ী হতে ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে তা সামাল দেওয়ার জন্য আরো অর্থের প্রয়োজন হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় দাঁড়িয়ে শনিবার নতুন একটি তহবিল গঠনের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নাগরিক সহায়তা ও জরুরি পরিস্থিতিকালীন ত্রাণ (PM-CARES) নামে ওই তহবিলে দেশের সবস্তরের মানুষ সহযোগিতা করতে পারবেন বলে জানান। ওই তহবিলে আর্থিক সাহায্য করছেন সেলিব্রিটি থেকে অনেক সাধারণ মানুষ। এবার নিজের সঞ্চয় থেকে সেই ফান্ডে টাকা দিলেন প্রধানমন্ত্রীর মা-ও। দিলেন ২৫ হাজার টাকা। ওই ট্রাস্টের চেয়ারম্যান খোদ প্রধানমন্ত্রী । প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রী হলেন সদস্য ।
আজ পর্যন্ত ছেলের প্রতিটি কাজে তাঁর ছায়া সঙ্গী হয়ে ছিলেন এই মা। শারীরিক উপস্থিতি না থাকলে আশীর্বাদের মাধ্যমে সবসময় সমর্থন জানিয়েছেন এই বৃদ্ধা। লকডাউনের আগে প্রধানমন্ত্রী যখন "জনতা কার্ফু" ডেকেছিলেন , সেই জনতা কার্ফু কেও সমর্থন জানিয়েছিলেন তার মা। ওইদিন বিকেল পাঁচটার সময় অত্যাবশ্যক পরিষেবা যাঁরা দিচ্ছেন তাঁদের উদ্দেশ্যে থালা বাজিয়ে শ্রদ্ধা প্রদর্শন ও করেন । এর আগেও ২০১৬ সালে নোটবন্দির সময় প্রধানমন্ত্রীর মা-কে দেখা গিয়েছিল টাকা তোলার লাইনে দাঁড়াতে। এইভাবে সবসময় তিনি প্রেরণা দিয়েছেন ছেলেকে।

Post a Comment