লকডাউনে না খেয়ে যাতে একজনও মারা না যায় এই বিষয়ে গতকালই যাবতীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নির্দেশের ২৪ ঘন্টার মধ্যেই মিললো সুফল। নাম নথিভুক্ত রয়েছে অথচ রেশন কার্ড নেই এমন ১৬ লক্ষ মানুষকে বিনা কার্ডে ৫ কেজি করে চাল-গম দেবে রাজ্য। প্রকল্প বাস্তবায়িত করতে তৈরী হল নয়া 'ফুড-কুপন'।

পয়লা এপ্রিল থেকেই রাজ্যের রেশন কার্ডধারীদের বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করবে রাজ্য। আগামী ১০ তারিখের মধ্যেই ১৬ লক্ষ রেশন কার্ডহীন রাজ্যবাসীর হাতে তুলে দেওয়া হবে 'ফুড-কুপন'। সেই কুপন দেখিয়ে তারা বিনামূল্যে খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

যাদের 'ফুড-কুপন'ও নেই তারা GR প্রকল্পে সমপরিমাণ চাল-গম পাবেন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

খাদ্যসামগ্রী বন্টনের ক্ষেত্রেও করোনা বিষয়ের যাবতীয় সতর্কতা মেনে চলতে হবে বলে জানানো হয়েছে। ১ মিটার দূরত্বে থেকে নিতে হবে রেশন। ১ ঘন্টায় সর্বাধিক ১৫ জন গ্রাহক পাবেন রেশন। দোকান খোলা থাকবে সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। 

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর