করোনা ভাইরাস মোকাবিলায় চলছে লকডাউন । লকডাউন এর ফলে জাতীয় সড়কের পাশে থাকা ধাবা, দোকানপাট সবই বন্ধ । তাই খাবার পাচ্ছে না দূরপাল্লার ট্রাক চালকরা । এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিল হাইওয়ে ট্রাফিক পুলিশ ও ময়নাগুড়ির উল্লাডাবরির রজনী সংঘ ও পাঠাগার ।


প্রতিদিন তৈরি হচ্ছে খাবার । পরে তা ময়নাগুড়ি-শিলিগুড়ি সংলগ্ন 27 নম্বর জাতীয় সড়কে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর সেখান দিয়ে কোনো ট্রাক এলেই চালকের হাতে তুলে দেওয়া হচ্ছে খাবার ও জলের বোতল । পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ ও দেওয়া হচ্ছে ।



ট্রাক চালক মনজিৎ সিং বলেন, "আমরা দূর-দূরান্ত থেকে যারা পণ্যবাহী ট্রাক নিয়ে চলাচল করছি তাদের পক্ষে রান্না করে খাওয়াটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে । তাই রাস্তার পাশে ধাবা বা দোকানে খাবার খেয়ে থাকি । লকডাউন এর ফলে সব দোকানপাট বন্ধ । ফলে খাবার পেতে খুব অসুবিধে হচ্ছে । এই অবস্থায় ময়নাগুড়ির হাইওয়ে ট্রাফিক পুলিশ ও উল্লাডাবরীর রজনী সংঘ আমাদের সাহায্য করেছেন তার জন্য কৃতজ্ঞ বোধ করছি ।"


 ক্লাবের এক সদস্য সনাতন মন্ডল এই বিষয়ে বলেন, "দেশের দুর্দিনে সবাই দুঃস্থদের সাহায্য করছে। কিন্তু ট্রাক ড্রাইভার দের কথা ভাবেনি কেউ। ট্রাফিক পুলিশকে সঙ্গে নিয়ে তাই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।"

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর