করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। দেশজুড়ে বন্ধ রয়েছে সমস্ত গণপরিবহন। এর ফলে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিক সম্প্রদায়ের মানুষজন সেখানেই আটকে পড়েছেন। ভিন রাজ্যে আটকে পড়া বাংলার শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল রাজ্য সরকার। অনলাইনে তাঁদের টাকা দেবে মমতা সরকার।
শুক্রবার নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের জন্য ‘স্নেহের পরশ’ প্রকল্প ঘোষণা করলেন। আগামী সোমবার থেকেই স্নেহের পরশ নামে এই প্রকল্পে ভিন রাজ্যে আটকে পড়া বাংলার শ্রমিকদের হাজার টাকা করে দেওয়া হবে।
লকডাউনের জেরে ঘরে ফিরতে না পারা পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথা ভেবে অনেক আগে থেকেই একাধিক পদক্ষেপ নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি ১৮ রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে পরিযায়ী শ্রমিকদের সহায়তার অনুরোধ করেন এবং আটকে পড়া মানুষকে খাবার, বাসস্থান, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং ওষুধ দিয়ে সহযোগিতার আর্জি জানান ওই চিঠিতে। এ দিন মুখ্যমন্ত্রী জানান, লকডাউন উঠে গেলে ভিন রাজ্যে আটকে পড়া বাংলার শ্রমিকদের ঘরে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে।

Post a Comment