মুতাহার কামাল, চোপড়া: হাজারও মানুষের মধ্যে লাগাতার চাল-ডাল সহ প্রয়োজনীয় শুকনো খাবার তুলে দিয়ে নজির গড়লেন উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের এক ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর নাম মহাম্মদ রাজু। ব্যক্তিগতভাবে তিনি প্রত্যন্ত গ্রামীণ এলাকার দুঃস্থ মানুষদের মধ্যে সহায়তা তুলে দিচ্ছেন।
কাজ হারানো মানুষ গুলো আর্থিক সংকটের মুখে দাঁড়িয়ে। বিশেষ করে দিনমজুর পরিবারের অবস্থা আরো ভয়াবহ। কাজ হারিয়ে তারা দুবেলা অনেকেই এখন পেটপুরে খেতে পারছেন না। সেই সব মানুষদের পাশে এসে দাঁড়ালেন ওই ব্যবসায়ী।
তিনি জানান, মঙ্গলবার থেকে শুরু হয়েছে তার এই কর্মসূচি। তার সঙ্গে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তার বাবা মহম্মদ সলিমুদ্দিন ও তার ভাই। দুঃস্থদের মধ্যে চাল, ডাল, আলু তুলে দেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের টিফিনও করানো হচ্ছে। মঙ্গলবার এক হাজারের বেশি মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে শুরু হয়েছে চলবে বিকেল পর্যন্ত। এদিনও এক হাজার ছাড়িয়ে যাবে বলে মনে করছেন তিনি।
তবে শুধু এই দুই দিনই নয়, যতদিন পর্যন্ত শাটডাউন চলবে ততদিন তার সাধ্য অনুযায়ী এভাবেই মানুষের মধ্যে খাদ্য সামগ্রী সরবরাহ করে যাবেন তিনি। তার এহেন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সমাজকর্মীরা। তারা অবশ্য এক্ষেত্রে সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দিয়েছেন।
অন্যদিকে বুধবার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় সাতাশটা ওয়ার্ডে সরকারিভাবে চাল ও আলু বন্টন করা হলো দুস্থদের মধ্যে। পঞ্চায়েত প্রধান রুবি খাতুন জানান, প্রতিটি ওয়ার্ডে ত্রিশ জন করে বেছে নেওয়া হয়েছে। ওই তালিকায় সবমিলিয়ে এদিন আটশো দশ জন দুঃস্থ মানুষদের মধ্যে বিতরণ করা হলো এই খাদ্য সামগ্রী।

Post a Comment